ফাইল ছবি
হজ শেষে দেশে ফিরেছেন ৭৭ হাজারের বেশি হাজি, মৃত্যু বেড়ে ৫৫
অনলাইন ডেস্ক
পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে বাংলাদেশি হাজিদের ফিরতি কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে। সর্বশেষ তথ্য অনুযায়ী, ২১১টি ফ্লাইটে দেশে ফিরেছেন ৭৭ হাজারের বেশি হাজি। এদিকে হজ পালন করতে গিয়ে মারা যাওয়া বাংলাদেশির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫ জনে।
মঙ্গলবার (৩০ জুন) প্রকাশিত হজ বুলেটিন অনুযায়ী, সোমবার (২৯ জুন) পর্যন্ত সৌদি আরব থেকে মোট ২১১টি ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন ৭৭ হাজার ৬৯ জন বাংলাদেশি হাজি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৫৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭২ হাজার ৬১০ জন দেশে ফিরেছেন।
চলতি বছর হজ পালনকালে মোট ৫৫ জন বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে মক্কায় ৩৭ জন, মদিনায় ১৭ জন এবং জেদ্দায় একজন মারা যান। তবে মিনা ও মুজদালিফায় কোনো বাংলাদেশি হাজির মৃত্যুর ঘটনা ঘটেনি।
ফিরতি ফ্লাইট পরিচালনার হিসাবে, বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১১১টি ফ্লাইটে ৩৪ হাজার ১২২ জন, সৌদিয়া এয়ারলাইনস ৭০টি ফ্লাইটে ২৫ হাজার ৩৭৭ জন এবং ফ্লাইনাস ৩০টি ফ্লাইটে ১১ হাজার ৪৩ জন হাজিকে দেশে ফিরিয়েছে। এছাড়া অন্যান্য এয়ারলাইনসের মাধ্যমে আরও ৬ হাজার ৫২৭ জন হাজি দেশে ফিরেছেন।
হজ বুলেটিনে জানানো হয়েছে, সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাসেবা নিয়েছেন ৪১৫ জন বাংলাদেশি হাজি। বর্তমানে ৭ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। এছাড়া সৌদি মেডিক্যাল সেন্টারগুলো ৬৭ হাজার ১৪০ জন হাজিকে স্বাস্থ্যসেবা দিয়েছে এবং মক্কা ও মদিনার আইটি হেল্প ডেস্ক ২৮ হাজার ৪৫২ জন হাজিকে তথ্য ও অন্যান্য সেবা প্রদান করেছে।
চলতি বছরের হজযাত্রা উপলক্ষে ১৮ এপ্রিল বাংলাদেশ থেকে প্রথম ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করে এবং ২১ মে শেষ হয় প্রাক-হজ ফ্লাইট পরিচালনা। ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার পর ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়, যা আগামী ১ জুলাই পর্যন্ত চলবে।
হজ অফিসের তথ্য অনুযায়ী, এ বছর বাংলাদেশের জন্য মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রীর কোটা বরাদ্দ ছিল। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজ পালনের সুযোগ পান।
বিডি-প্রতিদিন
Leave a Reply