1. admin@dailybdfreepress.com : admin :
August 14, 2026, 3:34 pm

রসুল (সা.) বলেছেন

  • Update Time : শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
  • 2 Time View

জুমার মিম্বর থেকে

 

সমাজমাধ্যম দুধারি তলোয়ার

শায়খ আহমাদুল্লাহ

 

বর্তমান পৃথিবী প্রযুক্তির পৃথিবী। প্রযুক্তি যেন এখন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে।

ঘরেবাইরে, ছোটবড় সবার হাতে এখন স্মার্টফোন। প্রযুক্তির এই উৎকর্ষ আমাদের জীবনযাত্রাকে সহজতর করেছে বটে, কিন্তু এর অসতর্ক ও সীমাতিরিক্ত ব্যবহার আমাদের ইমান, আমল ও নৈতিকতায় প্রচণ্ড নেতিবাচক প্রভাব ফেলছে। কাজের প্রোডাক্টিভিটি নষ্ট করছে, শিশু-কিশোর ও যুবকদের বিপথে ঠেলে দিচ্ছে। অবশ্য শুধু শিশু-কিশোর নয়, এর করালগ্রাস থেকে পরিণত বয়সি মানুষও মুক্ত নন।

সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহার মূলত একধরনের আসক্তি। নেশাগ্রস্ত মানুষ যেমন নেশাদ্রব্য গ্রহণ ছাড়া থাকতে পারে না, তেমনি সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত আসক্ত ব্যক্তিরাও বারবার এর দিকে ফিরে যেতে বাধ্য হন। আর এ আসক্তিই মানুষকে বিপথগামী করার ক্ষেত্রে শয়তানের বড় একটি হাতিয়ার। শয়তানের এই ফাঁদে পড়ে আমরা প্রতিনিয়ত আমাদের অন্তরকে কলুষিত করছি এবং পাপের ভারে ভারী করছি আমাদের আমলনামা। যার পরিণতি অত্যন্ত ভয়াবহ।

মহান আল্লাহ সতর্ক করে বলেছেন, ‘হে মুমিনগণ, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। যে ব্যক্তি শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে, সে অশ্লীলতা ও মন্দ কাজের নির্দেশ দেবে’ (সুরা আন-নূর : ২১)।

সোশ্যাল মিডিয়া ও আধুনিক প্রযুক্তি অনেকটা দুধারি তলোয়ারের মতো। এর সঠিক ব্যবহারে যেমন বহু কল্যাণকর দিক আছে, অন্যদিকে রয়েছে অপব্যবহারের ভয়াবহ ক্ষতি। কল্যাণকর পথে ব্যবহার নিঃসন্দেহে প্রশংসনীয়। কিন্তু এর অপব্যবহারের দ্বার কিন্তু উন্মুক্ত। আর বেশির ভাগ মানুষই সময়ের অপচয় এবং এর অপব্যবহারেই লিপ্ত। ফলে দুনিয়াতে এই আসক্তি সাময়িক আনন্দদায়ক হলেও আখেরাতে এর দায়ভার বহন করা অনেক কঠিন হতে পারে। সুতরাং উচিত হলো সোশ্যাল মিডিয়া ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা এবং অপ্রয়োজনীয় ব্যবহার থেকে বিরত থাকা।

প্রত্যেক মুমিনের কাছে সময়ের মূল্য অপরিসীম। জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর দেওয়া আমানত এবং একদিন এর হিসাব দিতে হবে। রসুল (সা.) বলেছেন, ‘দুটি নেয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষই প্রতারিত বা ক্ষতিগ্রস্ত; তা হলো সুস্থতা ও অবসর সময়’ (বুখারি)। অথচ আজ আমরা সময়ের মতো এই মহামূল্যবান নেয়ামতকে অনর্থক সোশ্যাল মিডিয়ার নিউজফিড স্ক্রল করতে করতে নষ্ট করছি। এতে শুধু সময়ের অপচয়ই হচ্ছে না; বরং অনর্থক ও অশ্লীল নানা কাজে জড়িয়ে পড়ছি, গুনাহ করছি এবং দিন শেষে নিজেদের অন্তঃসারশূন্য করে তুলছি।

সোশ্যাল মিডিয়া আমাদের অন্তরকে কলুষিত করে। অন্তরকে কলুষিত করার ক্ষেত্রে দৃষ্টির অসংযত ব্যবহারের ভূমিকা অপরিসীম। আত্মশুদ্ধির প্রধান অন্তরায়ও হলো চোখের গুনাহ। আর সোশ্যাল মিডিয়ায় রিলস বা শট ভিডিওর নামে অবারিতভাবে আমরা এ গুনাহ করে চলছি। ঘণ্টার পর ঘণ্টা শয়তান আমাদের রিলসে মগ্ন রাখে। এতে চোখের গুনাহ হয়, অন্তর কলুষিত হয়, ডোপামিন খরচ হয়, ফোকাস ও মনোযোগ বিঘ্নিত হয়।

রসুল (সা.) বলেছেন, দেহে একটি মাংসপিণ্ড আছে, যা নষ্ট হলে পুরো দেহ নষ্ট হয়ে যায়। সেই মাংসপিণ্ডটি হলো অন্তর। যেটি সোশ্যাল মিডিয়া নষ্ট করে দেয়। পৃথিবী এ ছাড়া সোশ্যাল মিডিয়ার আসক্তি আল্লাহর স্মরণ ও ইবাদত থেকে উদাসীন করে তুলে। আত্মিক প্রশান্তি কেড়ে নেয়, অনেক সময় এর অতিরিক্ত আসক্তিতে পারিবারও ভেঙে যায়। নিঃসন্দেহে মানুষকে বিপথগামী করার এটি শয়তানের বড় ফাঁদ। এ ব্যাপারে সতর্ক না হলে, কেউ এর অভাবনীয় ক্ষতি থেকে রক্ষা পাবে না।

এ থেকে রক্ষা পেতে হলে প্রথমে দৃঢ় সংকল্প প্রয়োজন। যতদূর সম্ভব ব্যবহার থেকে দূরে থাকা, যদি ব্যবহার করতেই হয়, নির্দিষ্ট একটি সময়সীমা নির্ধারণ করা উচিত। অপ্রয়োজনীয় অ্যাপ ও নোটিফিকেশন কমিয়ে আনতে হবে এবং প্রয়োজন ছাড়া বারবার ফোন হাতে নেওয়ার অভ্যাস পরিহার করতে হবে। দ্বিতীয়ত, কোনো অ্যাক্টিভিটির আগে নিজেকে প্রশ্ন করতে হবে-এটি কি আখিরাতে আমার জন্য সওয়াবের কারণ হবে, নাকি গুনাহের? তৃতীয়ত, যারা অতিরিক্ত আসক্ত, তাদের এড়িয়ে চলতে হবে। এর পরিবর্তে নেককার, জ্ঞানী ও দীনি জ্ঞানসম্পন্ন ব্যক্তিদের সঙ্গ গ্রহণ করতে হবে।

সর্বোপরি এই জগতে আমরা যা করছি, তার প্রতিটি কাজই আল্লাহর জ্ঞাত এবং আমাদের আমলনামায় তা লিপিবদ্ধ হচ্ছে। সোশ্যাল অ্যাক্টিভিটিও আমাদের আমলনামার বাইরে নয়। তাই সোশ্যাল মিডিয়া যেন আমাদের গুনাহের দরজা না হয়; বরং এটিকে যতটুকু পারি ইসলামের দাওয়াত, জ্ঞানচর্চা ও কল্যাণের মাধ্যম হিসেবে ব্যবহার করি। নচেৎ যে প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করার কথা, অসতর্ক ব্যবহারে সেটিই আমাদের দুনিয়া ও আখিরাতের ক্ষতির কঠিন কারণ হয়ে দাঁড়াতে পারে। মহান আল্লাহ আমাদের সব ফিতনা থেকে রক্ষা করুন।

♦ জুমার মিম্বর থেকে

গ্রন্থনা : নুরুল ইসলাম তানঈম

বিডি প্রতিদিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2019 Effective News
Theme Customized By Positiveit.us